ফলো করুন
অপরাধ

দামী মোবাইলের নেশায় মাদকের বাহক, যশোরে বিপুল পরিমাণ এফিড্রিন ও অ্যাসিড উদ্ধার

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

যশোরের মণিহার এলাকায় একটি যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে উচ্চমাত্রার মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত মালামালের মধ্যে ২৫ কেজি এফিড্রিন (সিউডোএফিড্রিন) এবং ৬ লিটার পিউরিফাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে।



​ডিবি পুলিশের এসআই অলক কুমার দে জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ‘ঈগল পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। রাত সাড়ে ৮টার দিকে বাসটির বক্স থেকে একটি প্লাস্টিকের বস্তায় তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। এসময় ওই বাসের যাত্রী স্বপ্নাকে আটক করা হয়। প্রাথমিকভাবে তিনি বস্তার ভেতরে কী আছে তা জানেন না বলে দাবি করলেও ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সত্য স্বীকার করেন।



​জিজ্ঞাসাবাদে স্বপ্না জানান, সাতক্ষীরার কলারোয়ার বাসিন্দা আজমল হোসেন লাল্টু নামক এক ব্যক্তি তাকে এই মালামালগুলো চট্টগ্রামের অলঙ্কার মোড়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয়। এর বিনিময়ে তাকে ৬০ হাজার টাকা মূল্যের একটি দামী স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দামী মোবাইলের লোভেই তিনি এই বিপদজনক মাদক তৈরির কাঁচামাল বহন করছিলেন।



​তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই কাঁচামালগুলো চট্টগ্রামের একটি গোপন কারখানায় যাচ্ছিল, যেখানে উচ্চমাত্রার নেশা জাতীয় দ্রব্য 'ক্রিস্টাল আইস' তৈরি হয়। সেখান থেকেই মূলত সারাদেশে এই ভয়ংকর মাদক সরবরাহ করা হয়। উদ্ধারকৃত এফিড্রিন ও অ্যাসিড এই মাদক তৈরির প্রধান উপাদান।



এই ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও পলাতক আজমল হোসেন লাল্টুর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক স্বপ্নাকে আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মূল হোতা লাল্টুকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও