মীরসরাইয়ে গৃহবধূর ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
কিছমত জাফরাবাদে নারী নির্যাতনের অভিযোগ; বিচার চেয়ে থানায় গৃহবধূ
প্রতিনিধি মীরসরাই (চট্টগ্রাম)চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৯নং মীরসরাই (সদর) ইউনিয়নের পূর্ব কিছমত জাফরাবাদ এলাকায় এক গৃহবধূকে মারধর ও সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বপ্না রানী নাথ বাদী হয়ে মীরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে স্বপ্না রানী নাথ নিজ বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় একই বাড়ির বাসিন্দা ও সম্পর্কে ভাইপো পলাশ চন্দ্র নাথ আকস্মিকভাবে তাঁর ওপর পানি নিক্ষেপ করেন। এই ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত পলাশ ক্ষিপ্ত হয়ে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন।
পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি লাঠি নিয়ে তাঁকে তাড়া করেন এবং ঘরের সামনে গিয়ে পুনরায় শারীরিক নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে।
ভুক্তভোগী স্বপ্না রানী জানান, হামলার সময় অভিযুক্ত পলাশ চন্দ্র নাথ তাঁকে তিন দিনের মধ্যে বাড়িঘর থেকে উচ্ছেদ করার আলটিমেটাম দেন। সেই সাথে তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও প্রদান করা হয়। ঘটনার সময় স্বপ্না রানীর স্বামী কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে এসে স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
বর্তমানে ভুক্তভোগী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। এ বিষয়ে মীরসরাই থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারী নির্যাতনের এ ধরনের ঘটনা নিন্দনীয়। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় সামাজিক অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।