লাঠিরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি গঠনে অনিয়ম: শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ
প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুর উপজেলার লাঠিরখামার সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠনে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও জমিদাতা সদস্যদের না জানিয়ে গোপনীয়তার মাধ্যমে পছন্দসই ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও বিধি মোতাবেক গ্রহণযোগ্য কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে গত ৩ আগস্ট উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরারব লিখিত অভিযোগ দায়ের করেছেন জমিদাতার সন্তান ও ওয়ারিশ আল-আমিন খন্দকার।
লিখিত অভিযোগে আল-আমিন খন্দকার উল্লেখ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন কমিটি গঠনের ক্ষেত্রে সরকার নির্ধারিত প্রচলিত বিধি-বিধান ও নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ করেননি। নিয়ম অনুযায়ী জমিদাতা সদস্য, সাধারণ অভিভাবক এবং স্থানীয় জনগণকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করেই গোপনে এ কমিটি গঠন করা হয়।
অভিযোগকারী দাবি করেন, অনিয়ম ও স্বচ্ছতাহীন উপায়ে গঠিত এই কমিটির কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, স্বাভাবিক পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়ার চরম আশঙ্কা রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে সরেজমিনে নিরপেক্ষ তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা উন্মোচন এবং অনিয়ম প্রমাণিত হলে বিতর্কিত কমিটি বাতিল করার জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিধি মোতাবেক স্বচ্ছ ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি পুনর্গঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
তবে এ বিষয়ে জানতে লাঠিরখামার সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রাথমিক শিক্ষা অফিসের গঠিত তদন্তের পরই কমিটি গঠনের সঠিকতা ও প্রক্রিয়ার বিষয়টি পরিষ্কার হবে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।