ভুল্লীতে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ ২ যুবক গ্রেপ্তার, ১ জনের চতুর পলায়ন
হাসিনুজ্জামান মিন্টু ভুল্লী (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত মাদক ৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে চক্রের অপর এক সদস্য।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভুল্লী থানাধীন বালিয়া ইউনিয়নের লক্ষ্মীরহাটগামী সড়কের আশা এনজিও কার্যালয়ের সামনে এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভুল্লী থানার কুমারপুর ডাঙ্গাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মো. হামিদুল ইসলাম (২০) এবং ঠাকুরগাঁও পৌরসভার গোয়াপাড়া এলাকার মৃত আজিজুলের ছেলে মো. মিজান (৪০)। অপরদিকে পালিয়ে যাওয়া সহযোগীর নাম অন্তর (৩০) বলে চিহ্নিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুল্লী থানার উপ-পরিদর্শক (এসআই/নিরস্ত্র) সজিব হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজনদের গতিরোধ করে তল্লাশি চালানো হলে হামিদুল ও মিজানের হেফাজত থেকে ৬ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তর নামের তাদের অপর এক সঙ্গী চতুরতার সাথে দ্রুত সটকে পড়তে সক্ষম হয়।
ঘটনার পরপরই আটক ব্যক্তিদের বিরুদ্ধে এসআই সজিব হাসান বাদী হয়ে পলাতক আসামিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভুল্লী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুল্লী থানার পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে এলাকায় মাদকমুক্ত অভিযান আরও জোরদার করা হবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।