সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে মীরসরাই উত্তাল: প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
প্রতিনিধি মীরসরাই (চট্টগ্রাম)
মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ এবং মূল আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উত্তাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মহাসড়কের মীরসরাই সদরে উপজেলার দুটি প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সভা থেকে সাংবাদিক নেতারা হামলার মূল আসামীদের আগামী ৩ দিনের (৭২ ঘণ্টা) মধ্যে গ্রেপ্তার করা না হলে মীরসরাই উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে অনশনসহ লাগাতার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঘোষণা করেন।
দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—দৈনিক পূর্বকোণ প্রতিনিধি আবু সাঈদ ভূঞা, নয়াদিগন্ত প্রতিনিধি এম মাঈন উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাস, বণিক বার্তা ও বিজয় টিভি প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার, চ্যানেল এস প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ এবং আরটিভি প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু।
সমাবেশে বক্তারা বলেন, "সংবাদ প্রকাশের জের ধরে একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর প্রত্যক্ষ আঘাত। হামলার পর থানায় নামভিত্তিক লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও পুলিশ মূল আসামীদের না ধরে কেবল ৪ নম্বর আসামীকে গ্রেপ্তার করে দায়িত্ব শেষ করেছে।" আগামী ৩ দিনের মধ্যে মূল পরিকল্পনাকারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হলে অনশন ও মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হেদায়েত উল্লাহ চৌধুরী, আবু সুফিয়ান, সিপ্লাস প্রতিনিধি বাবলু দে, বৈশাখী টিভি প্রতিনিধি অজয় কুমার দে, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, গণকণ্ঠ প্রতিনিধি বাচ্চু পাটোয়ারী কমল, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি জাবেদ হোসাইন, ভোরের ডাক প্রতিনিধি এমদাদ হোসেন ভূঞা, সানোয়ারুল ইসলাম রনি, রবি করিম, রূপায়ন কর, তাকিবুর রহমান ও তাবিবুল ইসলামসহ প্রমূখ।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বুধবার রাত ১০টার দিকে করেরহাট এলাকা থেকে বাড়ি ফেরার পথে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কামরুল ইসলামের ওপর ওতপেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করে মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।