ধনবাড়ীতে অনলাইন জুয়ার বিষাক্ত ছোবল; নিঃস্ব দিনমজুর, ধরাছোঁয়ার বাইরে মাস্টারমাইন্ডরা
মোঃ আল আমিন সরকার ধনবাড়ী (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মহামারীর মতো ছড়িয়ে পড়েছে ক্ষতিকর অনলাইন জুয়া। হাতের স্মার্টফোন ব্যবহার করে বেশি লাভের আশায় এ জুয়ার ফাঁদে পা দিয়ে প্রতিদিন নিঃস্ব হচ্ছে সাধারণ ও খেটে খাওয়া মানুষ। অন্যদিকে, জুয়ারি ও এজেন্ট চক্রটি হাজারো পরিবারকে পথে বসিয়ে রাতারাতি কোটিপতি বনে যাচ্ছে। বিষয়টি প্রশাসনিক নজরদারির বাইরে থেকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
অনুসন্ধানে জানা যায়, ধনবাড়ীর গ্রামে-গঞ্জে ও অলিগলিতে এখন অনলাইন জুয়ার রমরমা ব্যবসা। একজন দিনমজুর সারাদিন কঠোর পরিশ্রম করে ৭০০ টাকা মজুরি পেয়ে বিকেলে বন্ধুদের দেখাশুনায় বা প্রলোভনে পড়ে মোবাইলে টাকা রিচার্জ করে জুয়া খেলছেন। অল্প সময়ে কোটিপতি হওয়ার লোভে পড়ে নিঃস্ব হচ্ছেন তারা।
অনেকে চড়া সুদে ও এনজিও থেকে ঋণ নিয়ে জুয়ার পেছনে ঢালছেন। শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করে এখন তারা দিশেহারা। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে পরিবারগুলোর ওপর; অনেক পরিবারে দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট, শিশুদের পড়াশোনা বন্ধের উপক্রম এবং পারিবারিক অশান্তি।
সাধারণ মানুষের রক্ত পানি করা টাকায় ধনবাড়ীর বেশ কয়েকটি অনলাইন জুয়ার এজেন্ট রাতারাতি রাজকীয় জীবনের মালিক বনে গেছে। স্থানীয়রা জানান, যেসব ব্যক্তি কিছুদিন আগেও ঠিকমতো দুবেলা খেতে পারতেন না, তারা এখন চলাফেরা করছেন লাখ টাকার গাড়ি চেপে, পরিবার নিয়ে আকাশপথে ভ্রমণ করছেন বিলাসবহুল রিসোর্টে। গ্রামে নির্মাণ করেছেন ডুপ্লেক্স বাড়ি, ঘরের প্রতিটিতে বসানো হয়েছে এসি। জুয়ার কমিশন বাণিজ্য করে আঙুল ফুলে কলাগাছ হওয়া এই চক্রটিকে থামানোর যেন কেউ নেই।
অনলাইন জুয়া প্রতিরোধে দেশে কঠোর আইন ও নীতিমালা থাকলেও ধনবাড়ীতে তার দৃশ্যমান কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের প্রশ্ন—সরকারের এই আইনের যদি কার্যকরী ভূমিকা বা প্রয়োগই না থাকে, তবে এ আইন দিয়ে সাধারণ মানুষের কী লাভ? ধনবাড়ীকে এই ধ্বংসাত্মক ব্যাধি থেকে বাঁচাতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ এবং ডিজিটাল এই জুয়ার এজেন্ট ও মাস্টারমাইন্ডদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় ভূক্তভোগী ও সুশীল সমাজ।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।