শার্শায় পরিত্যক্ত ঘরে ইয়াবাসেবন ও বিক্রির প্রস্তুতি, হাতেনাতে দুই তরুণ গ্রেপ্তার
মনির হোসেন শার্শা (যশোর)
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ আলিমুল হোসেন (১৮) ও আশিকুজ্জামান তুষার (১৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলিমুল হোসেন শার্শা থানার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের রবিউল হোসেনের ছেলে এবং আশিকুজ্জামান তুষার একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কায়বা এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে রাত সাড়ে ১১টার দিকে ধান্যতাড়া পশ্চিমপাড়ায় স্থানীয় শহিদুল ইসলামের বাড়ির পেছনে নূর হোসেনের পরিত্যক্ত একটি টালির ঘরে ওই দুই যুবক অবস্থান করছিলেন। পুলিশ ঘরটি ঘেরাও করে তাঁদের আটক করে। পরবর্তীতে দেহ তল্লাশি করে আলিমুলের কাছ থেকে ৬ পিস এবং তুষারের কাছ থেকে ৬ পিসসহ মোট ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, "গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত দুই যুবককে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত শার্শা গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।