ফলো করুন
অপরাধ

সোনার চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, নরসিংদীতে গ্রেপ্তার ৩

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

নরসিংদীর মাধবদীতে বাড়ির ভেতরে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগমকে (৭৩) কুপিয়ে হত্যার ঘটনায় ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্বর্ণের চেইন চুরির উদ্দেশ্যে পরিকল্পিত এই হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।



​গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।



​পুলিশ জানায়, গত ৩০ জুলাই বিকেলে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্ণনিগৈড় গ্রামে নিজ বাড়ির বারান্দায় আসরের নামাজ পড়া অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



​নরসিংদী জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মাধবদী থানা পুলিশ যৌথভাবে তদন্তে নামে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনায় সরাসরি সম্পৃক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।



​গ্রেপ্তারকৃতরা হলেন—স্বর্ণনিগৈড় গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭), একই গ্রামের ছায়েদের ছেলে কাদির মিয়া (২৭) এবং আকমান মিয়ার ছেলে আবু মিয়া (২৯)। আসামিদের মধ্যে কাদিরকে ঘটনার দিন ৩০ জুলাই, হৃদয়কে ৯ আগস্ট এবং আবু মিয়াকে ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।



​সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া আবু মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, জাহানারা বেগমের গলার সোনার চেইন চুরির উদ্দেশ্যে প্রায় ৭-৮ মাস আগে স্থানীয় একটি মাদ্রাসায় বসে এই হত্যার পরিকল্পনা করে আসামিরা।



​ঘটনার দিন এলাকায় বিদ্যুৎ না থাকার সুযোগে তারা জাহানারা বেগমের ঘরে প্রবেশ করে। নামাজরত অবস্থায় তাঁর ওপর হামলা চালানো হলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এ সময় বৃদ্ধা আসামিদের চিনে ফেলেন এবং আত্মরক্ষায় বাধা দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে ও মাথায় উপর্যুপরি আঘাত করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাঁর গলার সোনার চেইনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ঘাতকেরা।



​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন ও মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও