ফলো করুন
অপরাধ

স্বামীকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানির শিকার স্ত্রী: বাকলিয়ায় যুবদল নেতার ওপর বর্বরোচিত হামলা

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় মসজিদের পাশে জুয়ার আসর বন্ধের প্রতিবাদ করায় যুবদল নেতা ও তাঁর স্ত্রীর ওপর কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এই নৃশংস ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা মো. সুমন (৩৩) ও তাঁর স্ত্রী শারমিন আক্তার চম্পা (২৯) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



​স্থানীয় সূত্রে জানা যায়, তক্তারপুল এলাকার একটি মসজিদের পাশেই দীর্ঘ দিন ধরে একটি কিশোর গ্যাং নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিল। পবিত্র রমজান মাসে মসজিদের পাশে এমন কর্মকাণ্ডে মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা বিষয়টি যুবদল নেতা সুমনকে জানালে তিনি ওই কিশোরদের সতর্ক করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে নাছির ও শওকতের নেতৃত্বে ১২-১৩ জনের একটি সশস্ত্র দল সুমনের ওপর অতর্কিত হামলা চালায়।



​হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— মো. নাছির (৩৫), শওকত (২৮), আরিফ (২৮), ফরহাদ (২৫), জোটন (২৭), রমজান (২৩), এনাম (২৪), বাদশা, শাহিন, শুভ, মুসা, জিসান ও ডিমারিয়া। স্থানীয়দের দাবি, এই কিশোর গ্যাং সদস্যরা কথিত অস্ত্র ব্যবসায়ী 'আতুরী জাকিরের' অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।



​প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সুমনের ওপর ঝাঁপিয়ে পড়ে। স্বামীকে বাঁচাতে স্ত্রী চম্পা এগিয়ে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। চম্পার অভিযোগ, "স্বামীকে বাঁচাতে গেলে তারা আমাকে জোরপূর্বক ধরে ফেলে, মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়।" পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।



​এই ঘটনার পর স্থানীয় যুবদল কর্মী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও