জীবন নিয়ে ছিনিমিনি: ফগ লাইটে অপারেশন চালাতেন ভুয়া ডাক্তার দম্পতি, ২ লাখ টাকা জরিমানা
সাব্বীর আলিম দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে 'লাইফ কেয়ার জেনারেল হাসপাতাল' নামের একটি বেসরকারি ক্লিনিকে হানা দিয়ে চক্ষু চড়কগাছ প্রশাসনের কর্মকর্তাদের। আধুনিক অপারেশন থিয়েটারে যেখানে উন্নতমানের সার্জিক্যাল লাইট থাকার কথা, সেখানে ব্যবহার করা হচ্ছিল মোটরসাইকেলের ফগ লাইট! এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটির অপারেশন থিয়েটার সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা করেছে।
আজ দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে বেরিয়ে আসে প্রতারণার এই ভয়াবহ চিত্র। অভিযানে দেখা যায়, ক্লিনিকটির অপারেশন থিয়েটারে ন্যূনতম আধুনিক সরঞ্জাম নেই। মোটরসাইকেলের ফগ লাইট জ্বালিয়ে সেখানে চলত জটিল সব অস্ত্রোপচার, যা রোগীদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলে দিচ্ছিল। এই দৃশ্য দেখে উপস্থিত কর্মকর্তারাও বিস্মিত হন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্লিনিকটির পরিচালক পরিচয়দানকারী মামুন অর রশিদ শাওন এবং গাইনি চিকিৎসক পরিচয় দেওয়া মাসুমা ফেরদৌস স্নিগ্ধা দীর্ঘ দিন ধরে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে আসছিলেন। তবে প্রকৃতপক্ষে তারা কেউই নিবন্ধিত চিকিৎসক নন। অভিযানের খবর পেয়ে এই ভুয়া ডাক্তার দম্পতি ক্লিনিক ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, যথাযথ অনুমোদন ছাড়াই এই ক্লিনিকটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল। অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে এবং ওই ভুয়া ডাক্তার দম্পতির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
চিকিৎসার মতো সংবেদনশীল খাতে এমন জঘন্য প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ভুয়া ডাক্তার দম্পতির দ্রুত গ্রেফতার এবং উপজেলার অন্যান্য ক্লিনিকগুলোতেও নিয়মিত কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।