বেনাপোলে খোলা মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের সহযোগিতায় দাফন
মনির হোসেন বেনাপোল (যশোর)
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে মরদেহের সুনির্দিষ্ট কোনো পরিচয় না পাওয়ায় আইনি প্রক্রিয়া শেষে স্থানীয়দের সহযোগিতায় দাফন সম্পন্ন করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল পৌরসভার প্রধান ফটকের উত্তর পাশের একটি খোলা মাঠ থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে বেনাপোল পৌর গেট ও তার আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন না এবং কেউ তাঁর নাম-পরিচয় বা স্বজনদের খোঁজ জানতেন না। অনেকের ধারণামতে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
শুক্রবার বিকেলে খোলা মাঠে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সততা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
তিনি আরও জানান, নিহতের স্বজনদের কোনো সন্ধান না পাওয়ায় স্থানীয়দের সমন্বয়ে মানবিক বিবেচনায় তাঁর দাফনের ব্যবস্থা করা হয়েছে। তবে ওই নারীর পরিচয় শনাক্তের জন্য জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজের সহায়তায় তাঁর হাতের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহের চেষ্টা ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।