পালকিতে বর-বধূ আর কৃষকের লাঙ্গল-জোয়াল: কালীগঞ্জে প্রশাসনের বর্ণাঢ্য নববর্ষ বরণ
মোঃ মুক্তাদির হোসেন কালীগঞ্জ (গাজীপুর)
গ্রাম বাংলার চিরায়ত আবহে ও বর্ণিল সাজে গাজীপুরের কালীগঞ্জে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। লাঙ্গল, মই আর কাস্তে হাতে ঘাড়ে গামছা দিয়ে একদল কৃষকের উপস্থিতি এবং কলেজ শিক্ষার্থীদের বর-বধূ সেজে পালকিতে চড়ে আসার দৃশ্য যেন হারানো বাংলার ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে এনেছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) এমন এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসপাতাল হয়ে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা-চারী, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগত সকলকে দই-চিড়া দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর উপজেলা চত্বরে গান, নাচ ও দলীয় নৃত্যের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, কৃষি অফিসার মোরসালিন মেহেদী, সমবায় অফিসার আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত এবং পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।