ধামইরহাট ও পত্নীতলায় ১০ লক্ষ টাকা বিতরণ; অসহায় মানুষের পাশে নওগাঁ-২ আসনের এমপি
মোঃ নুরুল ইসলাম ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
নওগাঁ-২ আসনের সংসদ সদস্য এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসন ভিত্তিক ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ধামইরহাট উপজেলায় ২ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মোট ৪ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।
এমপি এনামুল হক স্থানীয় সাংবাদিকদের জানান, তাঁর নির্বাচনী এলাকার জন্য বরাদ্দকৃত ১০ লক্ষ টাকা ধামইরহাট ও পত্নীতলা—এই দুই উপজেলার প্রায় ৫০০ জন অসহায় নারী-পুরুষের মাঝে সুষমভাবে বণ্টন করা হয়েছে। এর মধ্যে ধামইরহাটে ৪ লক্ষ ৪০ হাজার এবং পত্নীতলা উপজেলায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ সম্পন্ন হয়েছে।
নগদ অর্থ বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।