গণতন্ত্রের অন্তর্ভুক্তিতে নতুন মাত্রা: জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোটাধিকার প্রয়োগ
নিজস্ব প্রতিবেদক জয়পুরহাট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে জয়পুরহাট জেলা কারাগারে অন্তরীণ ৪৫ জন বন্দি সফলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 'পোস্টাল ভোট বিডি' মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে তারা এই নাগরিক অধিকার চর্চার সুযোগ পান।
জয়পুরহাট জেলা কারাগার সূত্রে জানা গেছে, মোট ৫২ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রাথমিক নিবন্ধন করেছিলেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত তাদের মধ্যে ৪৫ জন বন্দি সফলভাবে ভোট প্রদান সম্পন্ন করেছেন। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন।
তিনি জানান, ডাক বিভাগের মাধ্যমে কারাগারে মোট ৪৮টি পোস্টাল ব্যালট এসে পৌঁছেছিল। এর মধ্যে ৪৫টি ব্যালট ব্যবহার করা হয়েছে। অবশিষ্ট তিনজনের মধ্যে দুইজন জামিনে মুক্তি পেয়েছেন এবং একজন অন্য কারাগারে স্থানান্তরিত হয়েছেন। বিধি অনুযায়ী তাঁদের ব্যালটগুলো ফেরত পাঠানো হবে। এছাড়া আরও চারটি পোস্টাল ব্যালট বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের প্রতি ভোটারদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় মোট ৭ হাজার ৪৭৪ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৭৩ জন পুরুষ এবং ১ হাজার ৫২৫ জন নারী ভোটার রয়েছেন।
কারা কর্তৃপক্ষ দাবি করেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা ও বিধি মেনে স্বচ্ছ এবং সুশৃঙ্খলভাবে বন্দিদের এই ভোটদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি করছে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।