ঠাকুরগাঁও-১ আসনে ভোটের হাওয়া: জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের মনোনয়নপত্র জমা
হাসিনুজ্জামান মিন্টু, প্রতিনিধি (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের হাতে তিনি এই মনোনয়য়নপত্র তুলে দেন। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে উপস্থিত সাংবাদিকদের মির্জা ফয়সল আমীন বলেন, "ঠাকুরগাঁও-১ আসন নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন ও সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। মানুষের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে আমি আজীবন কাজ করতে চাই। এই নির্বাচনে জয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে আমি ঠাকুরগাঁওয়ের সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সার্বিক সমর্থন ও দোয়া কামনা করছি।
উল্লেখ্য, মির্জা ফয়সল আমীন বর্তমানে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিয়ম অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৯ অক্টোবর এই শূন্য আসনে ইভিএম/ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত শনিবার ১১ দলীয় ঐক্যের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন তাঁর মনোনয়নপত্র জমা দেন। শেষ দিনে দুই প্রধান প্রার্থীর মনোনয়নপত্র জমার বিষয়টি এখন স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী থানার বিভিন্ন ইউনিয়ন নিয়ে গঠিত এই বৃহৎ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা নির্বাচন কার্যালয় সব ধরনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করছে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।