ফলো করুন
রাজনীতি

নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত র‍্যাব-১৩: ৩২ আসনে ড্রোন নজরদারি

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-১৩। রংপুর বিভাগের ৩২টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের টহল দল, স্ট্রাইকিং ফোর্স এবং আধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে নজরদারি চালানো হবে।



বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রংপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৩-এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচন উপলক্ষে র‍্যাব-১৩ এর দায়িত্বাধীন ৩২টি সংসদীয় আসনের ৪ হাজার ৬২০টি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।



মেজর সাইফুল ইসলাম জানান, নির্বাচনী নিরাপত্তায় র‍্যাব-১৩-এর অধীনে নিম্নোক্ত ব্যবস্থাগুলো কার্যকর থাকবেঃ


টহল ও স্ট্রাইকিং ফোর্স: বিভাগজুড়ে র‍্যাবের ৬৪টি টহল দল এবং ২টি স্ট্রাইকিং রিজার্ভ মোতায়েন থাকবে।

বিশেষ ইউনিট: একটি দক্ষ বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক মাঠে থাকবেন।

প্রযুক্তিগত নজরদারি: ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারি করা হবে। প্রতিটি টহল দলের অবস্থান ‘লাইভ লোকেশন’ ও অত্যাধুনিক কন্ট্রোল রুমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

গুজব প্রতিরোধ: সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের অপপ্রচার ও গুজব রুখতে র‍্যাবের মিডিয়া সেল ও অনলাইন প্লাটফর্মগুলো সক্রিয় থাকবে। পাশাপাশি ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।



র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে তদারকি করবেন। ভোটাররা যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং কোনো দুষ্কৃতকারী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষে র‍্যাব-১৩ বলিষ্ঠ ভূমিকা পালন করবে।



​সংবাদ সম্মেলনে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।

পরবর্তী ভিডিও