নতুন তথ্য মন্ত্রী আন্দালিব রহমান পার্থকে বিএমএসএফের শুভেচ্ছা, গণমাধ্যমের অসংগতি দূর করার আহ্বান
অনলাইন ডেস্ক, বজ্রকণ্ঠ ঢাকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করানোর পর এক যৌথ বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই অভিনন্দন জানান।
বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সফলতা কামনা করেন।
বিবৃতিতে বিএমএসএফ নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের মতো একজন প্রজ্ঞাবান, শিক্ষিত ও তরুণ নেতৃত্বের হাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পিত হওয়ায় দেশের গণমাধ্যম খাতে নতুন গতির সঞ্চার হবে। দীর্ঘদিন ধরে মফস্বল ও সারা দেশের পেশাদার সাংবাদিকরা যে নানামুখী বৈষম্য, নির্যাতন ও অসংগতির মুখোমুখি হচ্ছেন, তিনি তা গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, "আশা করি নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী গণমাধ্যম অঙ্গনের বিদ্যমান দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পেশাদার সাংবাদিকদের মৌলিক দাবি-দাওয়া বাস্তবায়ন এবং মুক্ত ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ সুনিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
উল্লেখ্য, মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলে অন্যান্য নবনিযুক্ত মন্ত্রীদের সাথে শপথ নেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শপথ অনুষ্ঠান শেষে তাঁকে গুরুত্বপূর্ণ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বঙ্গভবনে আয়োজিত এ জমকালো শপথ অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।