ঠাকুরগাঁওয়ে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু, স্বজনদের আহাজারি
হাসিনুজ্জামান মিন্টু হরিপুর (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ে একই দিনে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) জেলার হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় এই হৃদয়বিদারক ঘটনা দুটি ঘটে। চার ও পাঁচ বছর বয়সী দুই নিষ্পাপ শিশুর এমন আকস্মিক বিয়োগে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।
হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের খাগরতলা গ্রামে নোনার খালের পানিতে ডুবে মারা যায় চার বছর বয়সী শিশু সাম। সে ওই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল সাম। খেলতে খেলতে একপর্যায়ে সে পাশের নোনার খালের পাড়ে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্বজনরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, একই দিন দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পানিতে ডুবে প্রাণ হারায় পাঁচ বছর বয়সী শিশু সাঈদ। সে নয়াপাড়া গ্রামের মো. আপেল আলীর সন্তান।
স্বজনরা জানান, দুপুরের দিকে বাড়ির উঠানে খেলাধুলার একপর্যায়ে স্বজনদের চোখ এড়িয়ে সাঈদ বাড়ির পাশের জলাশয়ের কাছে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে জেলার দুই প্রান্তে দুই পরিবারের দুটি শিশুর জীবনপ্রদীপ নিভে যাওয়ার ঘটনায় খাগরতলা ও নয়াপাড়া গ্রামজুড়ে গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।