ফলো করুন
দুর্ঘটনা

কালীগঞ্জে কভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে নিহত ১; বিয়ের ৩ মাসেই বিধবা হলেন স্ত্রী

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী সিএনজি ও মালবাহী কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল মহাসড়কের পৌর টেকপাড়া সংলগ্ন উত্তরা বিজয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।



​নিহত মো: মহসিন মিয়া (৩৫) নরসিংদী জেলার পলাশ থানার নরসিংগার চর গ্রামের সুরুজ মিয়ার পুত্র। তিনি রাজশাহীর নাটোরে বাংলাদেশ কৃষি অফিসে 'আর্থ বিষয়ক সম্পাদক' হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, মাত্র তিন মাস আগে গত জানুয়ারিতে মহসিন বিয়ে করেছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা গিয়েছিলেন নাটোর থেকে বদলি হয়ে নিজ জেলা নরসিংদীতে আসার তদবির করতে। কিন্তু বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনাই কেড়ে নিল তাঁর প্রাণ।



​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ড ১৪-৪৮৫৬ নম্বরের একটি মালবাহী কভার্ড ভ্যান ও যাত্রীবাহী সিএনজির মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মহসিন মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মহসিনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।



​কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।