পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা: যশোরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
মনির হোসেন বেনাপোল (যশোর)
যশোরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। তবে পাইলটের সাহসিকতা ও দক্ষতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি নিরাপদে রানওয়েতে নামতে সক্ষম হয়েছে।
গতকাল সোমবার (৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে হঠাৎ বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বিমানের পাইলট অত্যন্ত দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। দুপুর ১২টা ৪৬ মিনিটের দিকে বিমানটি যশোরের রানওয়েতে সফলভাবে অবতরণ করে।
আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় বিমানে থাকা পাইলট সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। এছাড়া বিমানেরও কোনো ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি। অবতরণের পর কারিগরি বিশেষজ্ঞরা বিমানটির যান্ত্রিক ত্রুটির মূল কারণ খতিয়ে দেখতে কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, আকাশে যান্ত্রিক ত্রুটির মতো জরুরি অবস্থায় পাইলটের এমন ঠান্ডা মাথার সিদ্ধান্ত একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।