গোবিন্দগঞ্জে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ: দুমড়ে-মুচড়ে গেল দুই মোটরসাইকেল, নিহত ২
মনোয়ারুল ইসলাম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিমন (২৮) ও রুবেল (২৯) নামে দুই যুবকের করুণ মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া (তরফকামাল) এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে এবং রুবেল কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মহাসড়কে তীব্র বেগে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। শব্দের জবাবে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুটি মোটরসাইকেলকেই মারাত্মক দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখেন।
এ সময় সড়কের দুই পাশে ছিটকে পড়া অবস্থায় গুরুতর রক্তাক্ত ও আহত দুই আরোহীকে উদ্ধার করেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠাতে পরামর্শ দেন। পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা অ্যাম্বুলেন্সযোগে বগুড়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ও সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, "দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল দুটি উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।