বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠত্ব ও সুশাসন: সাফল্যযাত্রায় জয়পুরহাটের মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল কলেজ
বায়েজিদ হোসেন আক্কেলপুর (জয়পুরহাটের)
শিক্ষার গুণগত মানোন্নয়ন, সন্তোষজনক পরীক্ষা ফলাফল, কঠোর শৃঙ্খলা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে জয়পুরহাটের মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারুফা মণ্ডলের দক্ষ দিকনির্দেশনায় শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা ও বিজ্ঞানচর্চায়ও নিয়মিত কৃতিত্বের স্বাক্ষর রাখছে প্রতিষ্ঠানটি।
এরই ধারাবাহিকতায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা-২০২৬-এ জেলা ও উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে গৌরবোজ্জ্বল সাফল্য লাভ করেছে কলেজটির শিক্ষার্থীরা। শিক্ষাবিদদের মতে, এই অর্জন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রগতিশীল বিজ্ঞানমনস্কতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সম্প্রতি কলেজ প্রাঙ্গণে এসে মনোরম পরিবেশ ও অ্যাকাডেমিক অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এক প্রাক্তন শিক্ষার্থী। আবেগপ্লুত হয়ে তিনি বলেন, “একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলাম। আজ এসে সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষা কার্যক্রমের মান এবং সহশিক্ষায় ছোট ভাই-বোনদের অসামান্য সাফল্য দেখে সত্যিই গর্ব বোধ করছি। শিক্ষার পাশাপাশি সৃজনশীল কাজে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার এই প্রচেষ্টা সত্যি আশাব্যঞ্জক।
শিক্ষার মান আরও উঁচুতে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কলেজের অধ্যক্ষ মারুফা মণ্ডল বলেন, “আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের জন্য কেবল পুথিগত শিক্ষা নয়, বরং মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করা। তাঁদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নানামুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাবেক শিক্ষার্থী ও স্থানীয়দের প্রত্যাশা, সুশৃঙ্খল অবকাঠামো ও যোগ্য নেতৃত্বের এই ইতিবাচক ধারা বজায় রেখে মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজ উত্তরাঞ্চলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম বজায় রাখবে।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।