"এক দশকে 'বাংলারচিঠি': ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত"
নিজস্ব প্রতিবেদক জামালপুর
মানুষের কল্যাণ সাধনায় বস্তুনিষ্ঠতার প্রতীক’— এই স্লোগানকে ধারণ করে জামালপুর জেলা থেকে প্রকাশিত একমাত্র সরকারি নিবন্ধিত অনলাইন সংবাদপত্র ‘বাংলারচিঠি ডটকম’ পদার্পণ করল দশম বর্ষে। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি এক বুক আশা নিয়ে যাত্রা শুরু করা এই নিউজ পোর্টালটি আজ এক দশকের দীর্ঘ পথ পরিক্রমা সফলভাবে সম্পন্ন করল।
বাংলারচিঠির এই যাত্রার মূলে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু। তাঁর ঐকান্তিক ইচ্ছা এবং পৃষ্ঠপোষকতায় ১০ বছর আগে আজকের এই দিনে পত্রিকাটির যাত্রা শুরু হয়। প্রকাশক মহোদয়ের নিরবচ্ছিন্ন সহযোগিতা ও সাহসেই আজ বাংলারচিঠি জামালপুরের পাঠকদের কাছে এক বিশ্বস্ত নাম।
সংবাদপত্রটির এক দশকপূর্তির এই মাহেন্দ্রক্ষণে কৃতজ্ঞতাভরে স্মরণ করা হয়েছে এর নেপথ্য কারিগরদের। নির্বাহী সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা মনজুর নিরলস পরিশ্রম, বার্তা সম্পাদক মনন মাহাদির আন্তরিকতা এবং কারিগরি বিশেষজ্ঞ সম্রাটের উদ্ভাবনী চিন্তা বাংলারচিঠিকে করেছে আধুনিক ও গতিশীল। সেই সাথে নিজস্ব প্রতিবেদকদের সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন পত্রিকাটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
পথচলার শুরুতে ইউরোপ প্রবাসী সাবেক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সোয়েবের কারিগরি ও সম্পাদকীয় সহযোগিতার কথা বিশেষভাবে স্মরণ করেন সংশ্লিষ্টরা। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের নিবন্ধন প্রাপ্তি পত্রিকাটির পেশাদারিত্বের এক বড় স্বীকৃতি।
বিগত দশ বছরে বাংলারচিঠি একদিনের জন্যও বন্ধ থাকেনি। ‘ভাইরাল’ হওয়ার সস্তা সংস্কৃতি কিংবা চটকদার খবর পরিহার করে তারা কাজ করেছে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা মেনে। শুদ্ধ বানান রীতি, মার্জিত বাক্য গঠন এবং নিরপেক্ষতা বজায় রাখাই ছিল এর মূল শক্তি। দেশি-বিদেশি অগণিত পাঠকের ভালোবাসা এবং ইতিবাচক সমালোচনা বাংলারচিঠিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করেছে।
এক দশকের এই সুবর্ণ সময়ে এসে বাংলারচিঠি পরিবার সকল পাঠক, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে। আগামী দিনেও সত্য ও সুন্দরের পথে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
বাংলারচিঠি ডটকম-এর এক দশকপূর্তিতে বজ্রকণ্ঠ পরিবারের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা অব্যাহত থাকুক।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।