ফলো করুন
বিশেষ সংবাদ

চন্দ্রগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন; তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান ওসির

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করতে কঠোর বার্তা দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অব্দুর রব। শুক্রবার দত্তপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি মাদক নির্মূলে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।



​নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে ওসি মোঃ অব্দুর রব বলেন, "আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করলে তবেই গ্রাম ও ইউনিয়নের উন্নয়ন সম্ভব। আজ জুমার নামাজ থেকেই শপথ নিন—আপনার এলাকায় কোনো মাদক থাকবে না। যারা মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি বা অবৈধ অস্ত্রের সাথে জড়িত, তাদের তালিকা আমাদের কাছে জমা দিন।



​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "মাদক সম্রাটরা যতই প্রভাবশালী হোক বা যে দলেরই সমর্থক হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধীদের তথ্য দিয়ে ধরিয়ে দিলে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।



​ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "মসজিদে ওসি স্যার যে কঠোর বার্তা দিয়েছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি তাঁকে সর্বোচ্চ সহযোগিতা করব। 'মাদক ছাড়ো, খেলাধুলা করো' এবং 'মাদক ছাড়ো, বই নিয়ে লেখাপড়া করো'—এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।



​তিনি আরও বলেন, "টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া মাদক চক্রের বিরুদ্ধে আমরা একাট্টা। যেখানেই মাদকের খবর থাকবে, সেখানেই প্রশাসন অভিযান চালাবে।



​এদিকে স্থানীয় তথ্যানুযায়ী জানা গেছে, চন্দ্রগঞ্জ থানার সীমানা নোয়াখালী জেলা বর্ডারের কাছাকাছি হওয়ায় রুট হিসেবে এটি ব্যবহার করছে অপরাধীরা। দীঘলী, কুশাখালী ও চরশাহীসহ বিভিন্ন সীমান্তঘেঁষা ইউনিয়নগুলোতে টেকনাফ ও কক্সবাজার থেকে আসা মাদকের চালান বেচাকেনায় বেশ কিছু প্রভাবশালী চক্র জড়িত বলে গুঞ্জন রয়েছে। নতুন ওসির এই কঠোর অবস্থানের পর স্থানীয়রা আশা করছেন, চিহ্নিত এসব সিন্ডিকেট ও মাদক সম্রাটদের আইনের আওতায় এনে এলাকাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করা সম্ভব হবে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।