রাষ্ট্রপতি হয়ে প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনায় জনতার ঢল
হাসিনুজ্জামান মিন্টু প্রতিনিধি (ঠাকুরগাঁও)
নিজ জেলার সন্তান দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হয়েছেন—এই আনন্দ আর গর্বে যেন নতুন রূপে সেজেছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা ঠাকুরগাঁও।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফরে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর আগমনকে কেন্দ্র করে গোটা জেলাজুড়ে উৎসব মুখর পরিবেশ ও আনন্দঘন আবহ বিরাজ করছে।
আজ রোববার দুপুর ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। এ সময় তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি সরাসরি ঠাকুরগাঁও সার্কিট হাউজে গমন করেন, যেখানে তাঁকে রাষ্ট্রীয়ভাবে 'গার্ড অব অনার' প্রদান করা হয়।
অতঃপর তিনি শহরের সেনুয়া এলাকায় অবস্থিত পারিবারিক গোরস্থানে যান এবং তাঁর মরহুম মা-বাবার কবর জিয়ারত করে রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে আজ বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজন করা হয়েছে এক নাগরিক সংবর্ধনার। প্রিয় মানুষকে একনজর দেখা এবং ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে সকাল থেকেই সংবর্ধনাস্থল ও শহরের প্রধান সড়কগুলোতে সাধারণ মানুষের ঢল নামে।
ঠাকুরগাঁও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক আবু মোহাম্মদ খয়রুল কবির জানান, "ঠাকুরগাঁওয়ের সন্তান দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়া প্রতিটি মানুষের জন্য এক পরম গৌরবের বিষয়। সর্বস্তরের মানুষের উৎসাহে এই সংবর্ধনা স্মারক হয়ে থাকবে।
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নির্মাণ করা হয়েছে বর্ণিল তোরণ। মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন আলোকসজ্জায় শহরজুড়ে উৎসবের আমেজ রূপ নিয়েছে। সমগ্র এলাকায় জোরদার করা হয়েছে বহুমাত্রিক ও কঠোর নিরাপত্তাব্যবস্থা।
দুই দিনের সরকারি সফরের শেষ দিনে আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় 'ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।