তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: দুবাইয়ে গিয়াস কাদের চৌধুরী এমপি
সংযুক্ত আরব আমিরাতে ইউএই বিএনপি আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা সভায় রাউজান আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, প্রবাসীদের ভিসা জটিলতাসহ সকল সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ইবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এক নতুন দিগন্তে ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
সংযুক্ত আরব আমিরাতে নিজের প্রথম সফর উপলক্ষে ইউএই বিএনপির উদ্যোগে দুবাইয়ের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এক গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, "তারেক রহমান একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর বলিষ্ঠ দিকনির্দেশনায় দেশের অর্থনীতি ও সার্বিক উন্নয়নকে সুসংগঠিত করতে বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ একটি অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে তিনি এই রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের অভাবনীয় অবদানের ভূয়সী প্রশংসা করেন।
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, "বর্তমান সরকার সম্পূর্ণ প্রবাসীবান্ধব। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ভাইদের ভিসা অটো-ক্যানসেলেশনসহ সাম্প্রতিক নানা সংকট নিরসনে দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব দ্রুতই এসব সমস্যার ইতিবাচক সমাধান আসবে।
একই সাথে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, "যে দেশে আপনারা বসবাস করছেন, সেখানকার আইন-কানুন ও সামাজিক শৃঙ্খলার প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে হবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শরাফত আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীয়মান রাজনীতিবিদ সাকের কাদের চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, নজরুল ইসলাম সিআইপি, হাজী মো. জসিম, প্রকৌশলী করিমুল হক, শহিদুল হক, মাওলানা দৌলতুর রহমান, আজগর চৌধুরী, মো. আজম শাহ্ চৌধুরীসহ ইউএই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রবাসী সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। সভার শুরুতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে নেতাকর্মীদের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এই প্রতিবেদনটি কেমন লাগলো?
মন্তব্য ()
সাইন-ইনদ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।