ফলো করুন
বিনোদন

অরিন্দমের ৫৩ বছর পূর্তি: ১৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্যোৎসব

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নাট্য সংগঠন অরিন্দম নাট্য সম্প্রদায়ের গৌরবময় ৫৩ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক চার দিনব্যাপী বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন।



​আগামী ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব আয়োজিত হবে। চার দিনব্যাপী এই আয়োজনে নাট্য প্রযোজনা, ঐতিহ্যবাহী পালাগান, স্মারক বক্তৃতা এবং প্রবীণ নাট্যজনদের সম্মাননা প্রদানের কর্মসূচি রাখা হয়েছে।



​আয়োজকরা জানান, উৎসব চলাকালে অরিন্দম নাট্য সম্প্রদায়ের জনপ্রিয় ও প্রশংসিত দুটি নাট্য প্রযোজনা ‘কবি’ ও ‘ডলু নদীর হাওয়া’ মঞ্চস্থ হবে। এর পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চস্থ হবে বিশেষ নাটক ‘শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ।



​অনুষ্ঠানের অন্যতম তাৎপর্যপূর্ণ অংশ হিসেবে গ্রুপ থিয়েটার চর্চার ক্ষেত্রে প্রবীণ নাট্যজনদের দীর্ঘ অবদানকে স্মরণ করে ‘৪০ স্মৃতি ও অরিন্দম উত্তরীয়’ প্রদান করা হবে। এছাড়া অরিন্দমের প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত প্রয়াত নাট্যজন জিয়া হায়দারের স্মরণে আয়োজন করা হয়েছে স্মারক বক্তৃতা ‘সৃজনে অরিন্দম’। উক্ত স্মারক বক্তৃতাটি উপস্থাপন করবেন খ্যাতনামা গবেষক ড. ইউসুফ ইকবাল।



​সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে মুক্তমঞ্চ ও উন্মুক্ত প্রাঙ্গণে থাকবে বিশেষ পালাগানের আয়োজন। সায়িক সিদ্দিকীর রচনা ও নির্দেশনায় ‘নোলক জানের পালা’ শিরোনামের পালাটি পরিবেশন করবে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘আহির বাংলা।



​আয়োজক সূত্রে জানা গেছে, ১৬ ও ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত পরিবেশনা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ১৮ ও ১৯ সেপ্টেম্বর হলরুমে প্রদর্শিত নাটকের প্রবেশপত্র উৎসবের দিনগুলোতে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ও টিকিট কাউন্টারে পাওয়া যাবে।



​অরিন্দমের সদস্যবৃন্দ আশা ব্যক্ত করেন, এই চার দিনের আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের নাট্যপ্রেমীদের নিয়ে অরিন্দমের দীর্ঘ পাঁচ দশকের নাট্যচর্চা, সৃজনশীলতা ও গৌরবময় সাংস্কৃতিক পথচলাকে স্মরণীয় করে রাখা সম্ভব হবে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।