ফলো করুন
বাণিজ্য

পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে অবিলম্বে বোর্ড পুনর্গঠনের দাবি গার্মেন্টস শ্রমিক পরিষদের

ছবি: রিপোর্টার কর্তৃক সংগ্রহ

বাংলাদেশের তৈরি পোশাক (RMG) শিল্পে কর্মরত শ্রমিকদের বিদ্যমান নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের জন্য অবিলম্বে 'নিম্নতম মজুরি বোর্ড' পুনর্গঠন ও আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক পরিষদ।



​এ লক্ষ্যে সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক লাভলী ইয়াসমীন ও সদস্য সচিব নাহিদুল হাসান নয়ন।



​আবেদনে উল্লেখ করা হয়, পোশাক খাত বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয় ও কর্মসংস্থানের প্রধান চালিকাশক্তি। এই শিল্পের সাফল্যের নেপথ্যে নারী শ্রমিকসহ কোটি শ্রমিকের নিরলস শ্রম ও উৎপাদনশীলতা ভূমিকা রাখছে।

​গার্মেন্টস শ্রমিক পরিষদ জানায়, ২০২৩ সালে ঘোষিত গেজেট অনুযায়ী পোশাক শ্রমিকদের বর্তমান সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩৯(৬) অনুযায়ী প্রতি তিন বছর পর পর নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের স্পষ্ট আইনি বিধান রয়েছে। সেই বাধ্যবাধকতা থেকেই এখনই নতুন মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া ও বোর্ড গঠন করা জরুরি।



​লিখিত আবেদনে সংগঠনটি জানায়, সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, বাসাভাড়া, গ্যাস-বিদ্যুৎ-পানি, চিকিৎসা ও শিক্ষার ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়েছে। জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়ের বিপরীতে শ্রমিকদের আয় অপরিবর্তিত থাকায় পরিবার নিয়ে টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে।



​ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মতো শিল্পাঞ্চলগুলোতে অধিকাংশ শ্রমিক অস্বাস্থ্যকর ও ছোট ভাড়াবাসায় বাস করতে বাধ্য হচ্ছেন। কম আয়ের কারণে অনেকে পুষ্টিকর খাদ্য গ্রহণ, সন্তানের শিক্ষা ও চিকিৎসা ব্যয় কাটছাঁট করছেন কিংবা ঋণের জালে জড়িয়ে পড়ছেন।



​গার্মেন্টস শ্রমিক পরিষদের ৮ দফা দাবি:

​১. অবিলম্বে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা।


২. বোর্ডে প্রকৃত ও প্রতিনিধিত্বশীল শ্রমিক প্রতিনিধি নিশ্চিত করা।


৩. শ্রমিক পরিবারের বাস্তব জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে নতুন মজুরি কাঠামো তৈরি করা।


৪. পর্যায়ক্রমে জীবনধারণ উপযোগী মজুরি বা ‘লিভিং ওয়েজ’ নির্ধারণ ও মূল্যস্ফীতির সাথে নিয়মিত মজুরি সমন্বয়ের ব্যবস্থা রাখা।


৫. সাব-কন্ট্রাক্ট, ছোট ও অনিবন্ধিত কারখানাসহ সকল তৈরি পোশাক কারখানায় এই নতুন মজুরি বাস্তবায়ন করা।


৬. শ্রমিক, মালিক, সরকার ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে উন্মুক্ত ও স্বচ্ছ আলোচনা জোরদার করা।


৭. শ্রমিক পরিবারের জীবনযাত্রার সঠিক ব্যয় নির্ধারণে যৌথ ও অংশগ্রহণমূলক জরিপ পরিচালনা করা।


৮. নারী শ্রমিকদের ক্ষেত্রে মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা, স্বাস্থ্যসেবা ও শিশু পরিচর্যা কেন্দ্র নিশ্চিত করা।


​বিবৃতিতে নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো করুণা বা অনুগ্রহ নয়, বরং এটি তাঁদের সাংবিধানিক ও আইনি অধিকার। শ্রমিকের জীবনমান উন্নত হলে কারখানাগুলোতে উৎপাদনশীলতা বাড়বে এবং তৈরি পোশাক খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুন

এই প্রতিবেদনটি কেমন লাগলো?

মোট রিঅ্যাকশন:

মন্তব্য ()

সাইন-ইন
নাম ও ইমেইল প্রদান করা বাধ্যতামূলক

দ্রষ্টব্য: প্রতিটি মন্তব্য পর্যালোচনা করা হয়। অপ্রাসঙ্গিক ও আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয় না।